রাজধানীর গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিতর্কিত বিক্ষোভ মিছিলের নেপথ্যে জামায়াতে ইসলামীর গোপন বোঝাপড়া বা আঁতাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি অভিযোগ করেন, জামায়াতের অনুকূল অবস্থান ও গোপন যোগাযোগের সুযোগ নিয়েই ঝটিকা মিছিলের মতো সাহস দেখাচ্ছে ফ্যাসিবাদের দোসররা। শনিবার ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী বিশেষ সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, জামায়াতের দ্বিচারিতা নতুন কিছু নয়। ১৯৯৬ সালেও তারা একই কায়দায় আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করেছিল। আর এবারো জামায়াতের রহস্যজনক নমনীয় আচরণের সুযোগ নিয়েই আওয়ামী লীগ নতুন করে রাজপথে নামার সাহস সঞ্চয় করছে। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা ছাত্রদলের সভাপতি আল-ইমরান প্রমুখ।
