চট্টগ্রামে ডেভিড ইমনের সহযোগী ‘টেস্টার মোবারক’ অস্ত্রসহ গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ফটিকছড়ি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার (শফির টিলা) একটি টংঘরে অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্যরা পালিয়ে গেলেও মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে দু’টি ধারালো ছোড়া/তরবারি, দু’টি রামদা, একটি শাবল, একটি ছুরি, একটি ধামা, একটি দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়। পুলিশ জানায়, টেস্টার মোবারক কারাবন্দি সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত। তিনি সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে জড়িত এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্রের ব্যবহার ও আধিপত্য বিস্তারের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের মাধ্যমে পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনছে। ডেভিড ইমনকে গ্রেপ্তারের আগে গোয়েন্দারা দীর্ঘদিন তথ্য সংগ্রহ ও নজরদারি করেছে বলেও জানান তিনি। এ ঘটনায় গ্রেপ্তার মোবারকসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।