বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। অথচ তার ভেতরেই লুকিয়ে থাকতো গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব। শনিবার সকালে লালমোহন উপজেলা নাগরিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেজর হাফিজ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের শেখ হাসিনা আশ্বস্ত করতেন- তাদের ফিরিয়ে দেয়া হবে।
কিন্তু তিনি নিজেই জানতেন, গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। তার এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন। জনগণ তখন বিষয়টি বুঝতে পারেনি। এখন জনগণের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এখন জনগণের কাছে বিষয়গুলো প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা নিজেই ছিলেন গুমের নির্দেশদাতা। এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভার বিএনপি’র সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
