ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে যুদ্ধ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে যুদ্ধ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ফন্ট সাইজ:

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। শনিবার দুপুরে রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, আগামী ২৬শে সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। ছয় বছর বয়স পর্যন্ত সব শিশুকে বাড়ি থেকে এনে ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি।

ডেঙ্গু প্রতিরোধে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আজ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন। নিজ নিজ বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা গেলে ভবিষ্যতে দেশে ডেঙ্গু বলে কোনো রোগ থাকবে না। ১৯৭১ সালে এ দেশের মানুষ যেভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছে এবং ২০২৪ সালে যেভাবে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে, প্রয়োজন হলে ঠিক একইভাবে ডেঙ্গুর বিরুদ্ধেও সবাইকে যুদ্ধ শুরু করতে হবে। রূপগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে এবং স্থানীয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধাদের মাঝে বিনামূল্যের মেডিকেল হেলথ কার্ড বিতরণ করেন। পরে পাড়াগাঁও ঈদগাহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী এবং নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।