বিদ্যুৎ পোল অপসারণে ধীরগতি থমকে আছে সড়কের কাজ

বিদ্যুৎ পোল অপসারণে ধীরগতি থমকে আছে সড়কের কাজ

ফন্ট সাইজ:

সড়কের মাঝে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটি (পোল) অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক নির্মাণকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করা হলেও গত কয়েক মাসেও কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এতে বন্ধ রয়েছে মূল নির্মাণকাজ, ফলে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।

সরজমিন পরিদর্শনে দেখা যায়, নির্মাণাধীন শ্রীপুর বাইপাস সড়কের বিভিন্ন অংশে রাস্তার ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে বৈদ্যুতিক পোল। কিছু জায়গায় সড়কের আংশিক কাজ শেষ হলেও খুঁটি না সরানোয় পুরোপুরি কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, সড়ক প্রশস্তকরণের স্বার্থে খুঁটি স্থানান্তরের জন্য গত জুন মাসেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অর্থ প্রদান করা হয়। এর মধ্যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে (ওজোপাডিকো) প্রায় ১৫ লাখ টাকা এবং মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিকে প্রায় ৫ লাখ টাকা দেয়া হয়েছে।

এ বিষয়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিদুল ইসলাম জানান, ওই সড়কে তাদের মালিকানাধীন কোনো খুঁটি বর্তমানে নেই। ১০টি পোল সরানোর কাজে মোট ৪ লাখ ২৩ হাজার ৬৮৫ টাকা ব্যয় হয়েছে এবং তা আগেই অপসারণ করা হয়েছে। অন্যদিকে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ জানান, প্রয়োজনীয় মালামালের বরাদ্দ পাওয়া গেছে এবং মালামাল সংগ্রহের প্রক্রিয়া চলছে। তবে এখনো দরপত্র (টেন্ডার) আহ্বান করা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী দরপত্র আহ্বানের পরই খুঁটি অপসারণের মূল কাজ বাস্তবায়ন করা হবে। মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, গত জুনেই ওজোপাডিকোকে টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু এতদিন পার হলেও তারা কোনো টেন্ডার বিজ্ঞপ্তি দেয়নি। সড়কের মাঝ থেকে পোল না সরানোয় আমাদের ঠিকাদারি কাজ ব্যাহত হচ্ছে এবং পুরো প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে যাচ্ছে।