দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন। এরপর জেলা কালেক্টরেট চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকারের উপ-পরিচালক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সিভিল সার্জন ডা. আল মামুন। এ ছাড়া, জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার মো. রাশেদ মোবারক জুয়েল, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তর এবং পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে জয়পুরহাট পৌরসভা, বিডি ক্লিন, বিএনসিসি ও রোভার স্কাউটসের স্বেচ্ছাসেবক টিম অংশগ্রহণ করে। এ সময় জেলা প্রশাসন ও এর আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
