আগামী ৩০শে অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমাকে সফল করতে সিলেটে উপজেলায় সফর শুরু করেছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বরুনার পীর, আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক। শুক্রবার রাতে বাদ এশা দক্ষিণ সুরমার চণ্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে ঢাকার ইসলাহী ইজতেমা সফল করার লক্ষ্যে মতবিনিময় করেছেন। এতে তিনি বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের কোনো বিকল্প নেই। কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা এবং ইমান ও আমলকে সুরক্ষিত রাখার মধ্যেই প্রকৃত সফলতা নিহিত। মুসলমানদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সুন্নাতের অনুসরণকে আরও দৃঢ় করতে হবে। আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি আলহাজ লিয়াকত আলীর সভাপতিত্বে ও মাওলানা ফরিদ আহমদ এবং সেক্রেটারি শায়খ মুর্তজা আহমদের যৌথ পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেট জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা ফজলুর রহমান, মাধবপুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি সাইফুল আলম, কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা আব্দাল আহমদ খান, জেলা নায়েবে আমীর ক্বারী আব্দুল মতিন, জেলা আমীর হাফিজ মাহবুব রহমান, যুগ্ম মহাসচিব শায়খ আহমদ আমীন, হাজী আব্দুল আহাদ, মাওলানা জাহিদ আহমদ, মাওলানা রওনক আহমদ প্রমুখ। মাহফিলে আলেম-ওলামা, ইসলামী চিন্তাবিদ এবং দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। সভাশেষে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
