‘খালেদা জিয়া ও তারেক রহমান যে নির্যাতন সহ্য করেছেন উপমহাদেশে তা নজিরবিহীন’

ফন্ট সাইজ:

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এদেশে যে নির্যাতন সহ্য করেছেন, তা শুধু বাংলাদেশে নয়-এ উপমহাদেশের ৫০০ বছরের রাজনৈতিক ইতিহাসে এমন নজির নেই। এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে দিতে দেশনেত্রী যে আপসহীনতা দেখিয়েছে তারই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিস্টের বিদায়। শুক্রবার বিকালে বিজয়পুরে আয়োজিত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা নেত্রীকে আটক করে ১/১১ সৃষ্টি করেছিল, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সন্তান হওয়ায় তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে ষড়যন্ত্রকারীরা। আমার ৬৩ বছরের রাজনৈতিক জীবনে এমন অমানুষিক নির্যাতন কারও ওপর চালিয়েছে, তা আমি দেখিনি। তিনি বলেন, আটকের আগ পর্যন্ত নেত্রীর সঙ্গে আমার যোগাযোগ ছিল, নেত্রী তারেক রহমানের ওপর এমন নির্যাতনের পরও কারও কাছে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখাননি। মনিরুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে বহু নেতা রাজনৈতিক নির্বাচনের শিকার হয়েছে, কিন্তু যে নির্যাতন হয়েছে এর নজির শুধু তারেক রহমানই। ভেবেছিলাম সংসদে দাঁড়িয়ে বলবো প্রধানমন্ত্রী আপনার ওপর যে নির্যাতন চালিয়েছিল, সে নির্যাতনের কথা শুনতে চাই, পরে ভাবলাম তিনি বিব্রত হবেন আর বলা হয়নি। আপনাদের মনে আছে তিনি দেশে এসে মঞ্চে উঠে কারও সম্পর্কে একটি অভিযোগ করেননি, পতিত আওয়ামী লীগের নামও মুখে নেননি, কাউকে বিষোদগার করেননি। শুধু বলেছিলেন, আই হ্যাভ অ্যা প্ল্যান ফর বাংলাদেশ। এটাই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান।

তিনি বলেন, আজকের এই দিনে আমরা দোয়া করছি আল্লাহ্‌ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করেন এবং তারেক রহমানকে সুস্থ রাখেন, সঠিক পথে পরিচালিত করেন। সদর দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আখতার হোসাইনের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদারসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।