পূর্বপরিচিত ও ব্যবসায়িক বিরোধে জড়িত কয়েকজন ব্যক্তি সামাজিক ও পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন সিলেটে কর্মরত বেসরকারি প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান মনির। হোটেলের সিসিটিভি ফুটেজ কাটছাঁট করে দুই অজ্ঞাত নারীকে তার সঙ্গে সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শনিবার সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাজাহানপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সিলেট নগরের শাহজালাল উপশহরে বসবাসরত মনিরুজ্জামান মনির। সংবাদ সম্মেলনে তার স্ত্রী মহসিনা আক্তারও বক্তব্য দেন। লিখিত বক্তব্যে মনির বলেন, তিনি দেশের অন্যতম ব্যবসায়িক গ্রুপ পাতাবাহার কোম্পানিতে কয়েক বছর ধরে সেলস ম্যানেজার হিসেবে সিলেটে কর্মরত।
চাকরির প্রয়োজনে তাকে প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকায় যেতে হয় এবং প্রয়োজন হলে বাসার বাইরেও রাতযাপন করতে হয়। তিনি জানান, গত ২৬শে আগস্ট রাত ৮টার দিকে শাহজালাল (রহ.) এর মাজার গেট এলাকার মাসুক মিয়া হোটেলে তিনি রাতযাপন করেন। তার দাবি, চাকরির প্রয়োজনে হোটেলে অবস্থান করলেও এ ঘটনাকে কেন্দ্র করে তাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় করার উদ্দেশ্যে একটি পক্ষ অপপ্রচার শুরু করে। মনিরের অভিযোগ, ওই দিন হোটেলের রিসিপশনে থাকা দুই অজ্ঞাত নারীকে কেন্দ্র করে একটি স্পর্শকাতর বিষয়কে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। হোটেলের সিসিটিভি’র কিছু ভিডিও সংগ্রহ করে কাটছাঁট ও আগপিছ করে ওই নারীদের তার সঙ্গী হিসেবে দেখিয়ে প্রচার করা হয়েছে। মনির বলেন, ৩রা সেপ্টেম্বর ভিডিওগুলো প্রচারের পর তিনি সামাজিকভাবে অপমানিত ও বিব্রত হয়েছেন এবং তার পরিবারও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে।
তার দাবি, হোটেলে ঘটনার সময়ের আগে ও পরের এক ঘণ্টার পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে। সংবাদ সম্মেলনে তার স্ত্রী মহসিনা আক্তার বলেন, স্বামীর সঙ্গে তার প্রায় ১৭ বছরের সংসার। এই সময়ে তার স্বামী তাকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করেননি এবং কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখেননি। সম্প্রতি কয়েকজন পূর্ব পরিচিত ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে কিছু ভিডিও দেখান এবং স্বামীর বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে বাধ্য করেন। এতে বিভ্রান্ত হয়ে ভয়, আবেগ ও রাগের বশে তিনি কিছু কথা বলেন। পরে জানতে পারেন, তার অজান্তে সেই বক্তব্য ভিডিও ধারণ করে প্রচার করা হয়েছে।
