মিরসরাইয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

মিরসরাইয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের প্রাচীন ও ঐতিহ্যবাহী গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরাজীর্ণ ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করছেন শিক্ষকরা। আতঙ্ক নিয়ে শ্রেণিকক্ষে পাঠ নিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। ১৯১১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে সময়ের ব্যবধানে বিদ্যালয়ের ভবনগুলো এখন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সরজমিন দেখা যায়, বিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালের রং উঠে গেছে। সিঁড়ি, বিম ও দেয়ালে সৃষ্টি হয়েছে ফাটল। মেঝে ও ছাদের পলেস্তরা খসে পড়ছে। কোথাও কোথাও পলেস্তরা খসে গিয়ে বেরিয়ে পড়েছে মরিচা ধরা রড। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অভিভাবকরা জানান, সন্তানদের স্কুলে পাঠানোর পর ভবনের অবস্থা নিয়ে তারা উদ্বিগ্ন থাকেন। কখন কী দুর্ঘটনা ঘটে- এমন আতঙ্ক নিয়েই সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর দেব নাথ বলেন, ‘শ্রেণিকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান করতে হচ্ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।’ এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। শিগগিরই ভবন উন্নয়নের জন্য তালিকায় উক্ত স্কুলের নাম পাঠাবো।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, শিশুদের পড়ালেখা কোনোভাবেই ঝুঁকির মধ্যে রাখা যাবে না। আমি বিদ্যালয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।