ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল করিমের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল করিম।
সভায় বক্তারা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহতা তুলে ধরে বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই কেবল এই রোগগুলোর বিস্তার রোধ করা সম্ভব। মুন্নু মেডিকেল কলেজের সচিব রেজাউল হাসান পারভেজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মুন্নু মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. বোরহান উদ্দিন আহমেদ, কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল হকসহ অন্য শিক্ষক ও কর্মকর্তারা। আলোচনা সভা শেষে শিক্ষক, শিক্ষার্থী ও কলেজের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
