কুমিল্লার দেবিদ্বারে বিএনপিতে যোগ দেয়ার পরও গ্রেপ্তার এড়াতে পারেননি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউপি সদস্য মো. আলম হাজারী (৪৫)। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বড়শালঘর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশ। গ্রেপ্তার আলম বড়শালঘর গ্রামের আবুল হাসেম হাজারীর ছেলে ও বড়শালঘর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
এ ছাড়া, তিনি দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দা মো. মুকবল হাজারী জানান, গত শুক্রবার বিকাল ৪টার দিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অর্থ সহায়তার অভিযোগে আলম হাজারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে পুলিশের দাবি, ওই বিক্ষোভ মিছিলে আলম অর্থের জোগানদাতা ছিলেন। দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, শুক্রবার দাউদকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে সে জোগানদাতা ছিলেন। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
