মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুমনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী। শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রিনা আক্তার (৩২) মধ্যমকান্দি গ্রামের মৃত আব্দুস বাছেতের ছেলে সুমন সরকারের স্ত্রী ও উপজেলার টেংগারচর ইউনিয়ন বৈদ্দারগাঁ গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। স্থানীয়দের জানায়, তাদের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। এ ছাড়া সুমন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতো।
সেদিন রাতেও মারধর করলে প্রতিবেশীরা রিনাকে ঘরে দিয়ে আসে। পরে গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় সুমন। এ বিষয়ে সুমনের মা বলেন, রাত সাড়ে ৯টার দিকে সুমন তার স্ত্রীকে মারধর করলে আমি বাঁচাতে এগিয়ে গেলে সে আমাকেও মারধর করে। পরে বুঝিয়ে রিনাকে ঘরে দিয়ে আসলে রাতের কোনো এক সময় তাকে মেরে আত্মগোপনে চলে যায়। আমি ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গজারিয়া থানার ওসি নকীব আকরাম হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
