ডেঙ্গুমুক্ত ত্রিশাল গড়তে বর্ণাঢ্য র‌্যালি

ফন্ট সাইজ:

‘ডেঙ্গুমুক্ত ত্রিশাল গড়ি, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করি’- এমন প্রত্যয়ে ময়মনসিংহের ত্রিশালে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাশেদুল ইসলাম হলরুমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শনের মধ্যদিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও প্রত্যক্ষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।