দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শ্রীমঙ্গল পৌরসভায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর অংশ হিসেবে সকাল ৯টায় শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরে আল সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী এবং শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনসিসি, স্কাউট, স্বেচ্ছাসেবী, পরিচ্ছন্নতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পৌরসভা কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি ভানুগাছ সড়ক প্রদক্ষিণ করে বন বিভাগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
