খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ফন্ট সাইজ:

খুলনা মহানগরীর দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে মো. জলিল মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানার কুলিবাগান বটতলার অদূরে একটি অফিসের সামনে গুলি করে তাকে হত্যা করা হয়। নিহত জলিল দৌলতপুর থানা এলাকার সাধু বাগানের দিলুর মুন্সির ছেলে ও পেশায় পাট শ্রমিক ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কুলির বাগান এলাকায় দিলুর বাবার একটি পানের দোকান রয়েছে।

সেখানে যাওয়ার জন্য সঙ্গে এক যুবককে নিয়ে সকাল পৌনে ৮টার দিকে বাসা থেকে রওনা হয়। এর কিছুক্ষণ পর ফোনটি বেজে ওঠে। ফোনে তর্কাতর্কি হয়। এরপর কুলির বাগান বটতলা থেকে দুই গজ দূরে যাওয়া মাত্র একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তির সঙ্গে দিলুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনজন যুবকের মধ্যে একজন তাকে লক্ষ্য করে পরপর দুইটি গুলি করে। তার বুকের ডান পাশে ও পিঠের বাম পাশে গুলি দুইটি বিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা গুলি উদ্ধার করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাউকে এখনো পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। কী কারণে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা করছি। নতুন কোনো কিছু পাওয়া গেলে তার বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে। এদিকে, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।