কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাহ আলম (৩৮) ও মোকাররম হোসেন (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চংনোয়াগাঁও হাওরে বজ্রপাতে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শাহ আলম চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে এবং মোকাররম একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মোকাররম ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি তিনি ছুটিতে এসে বিয়ে করেছিলেন। অন্যদিকে, শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার সকাল ৭টার দিকে শাহ আলম ও মোকাররম জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তারা মারা যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় সকাল ১০টার দিকে স্বজনরা তাদের খোঁজে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেয়া হয়।
