বিসিআই’র উদ্যোগে পাবলিক প্রকিউরমেন্ট ও ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিসিআই’র উদ্যোগে পাবলিক প্রকিউরমেন্ট ও ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর উদ্যোগে শনিবার বিসিআই বোর্ডরুমে “পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা এবং ই-জিপি (ব-এচ) সিস্টেম” শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআই-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী। অন্যদিকে, সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। বিসিআই-এর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন, এনডিসি-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির সাবেক সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মঈন উদ্দীন আহম্মেদ।

উদ্বোধনী বক্তব্যে বিসিআই-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী বলেন, “বিসিআই সবসময় স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রশিক্ষণ ই-জিপি সিস্টেমের কারিগরি ও আইনি দিকগুলো সঠিকভাবে বুঝতে এবং ব্যবসায়ীদের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বড় ভূমিকা রাখবে।”
কর্মশালার দুটি অধিবেশনে রিসোর্স পারসন এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬’ ও ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫’ এবং ‘ই-জিপি সিস্টেমের পরিচিতি ও ব্যবহার’-এর ওপর বিশদ আলোকপাত করেন। তিনি সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ডিজিটাল রূপান্তরের সুফল তুলে ধরেন এবং কীভাবে সহজ উপায়ে দরপত্র প্রক্রিয়ায় অংশ নেয়া যায়, তা অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করেন।

সমাপনী পর্বে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নে বিসিআই-এর ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করায় তিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং সনদপত্র তুলে দেন।
কর্মশালায় বিসিআই-এর সদস্যবৃন্দ, সরকারি কাজের দরপত্রে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনজীবী, তরুণ উদ্যোক্তা এবং ছাত্র প্রশিক্ষণার্থীরা অংশ নেন। একটি ফলপ্রসূ প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালাটি সম্পন্ন হয়।