প্রকাশ পেল বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন ‘ট্র্যাব বার্তা’

প্রকাশ পেল বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন ‘ট্র্যাব বার্তা’

ফন্ট সাইজ:

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের বহুল প্রতীক্ষিত ম্যাগাজিন ‘ট্র্যাব বার্তা’ প্রকাশিত হয়েছে। শনিবার সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় সংগঠনটির সদস্যরা জানান, এটি কেবল একটি প্রকাশনা নয়; বরং এটি পরিবহন খাত ও পরিবহন সাংবাদিকতার সার্বিক চিত্র তুলে ধরার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব করতে গণমাধ্যমের ভূমিকা জোরদার করতেই এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক ম্যাগাজিন প্রকাশের সার্বিক দিক ও প্রেক্ষাপট তুলে ধরেন। দীর্ঘদিনের এই প্রচেষ্টাকে সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ অক্টোবর পথচলা শুরু করে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন। প্রতিষ্ঠার পর থেকেই দেশের পরিবহন খাত, সড়ক যোগাযোগ, যানবাহন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, সড়ক নিরাপত্তা এবং পরিবহন সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার কাজ করে আসছে সংগঠনটি। একই সঙ্গে পেশাগত সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারেও নিরলস ভূমিকা রাখছে তারা।