চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদকবিরোধী সামাজিক কার্যক্রমে জড়িত ছয়জনের বিরুদ্ধে দায়ের করা অপহরণ মামলা ‘হয়রানিমূলক’ দাবি করে তাদের মুক্তি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবারের সদস্য ও এলাকাবাসী। গতকাল বিকাল ৪টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কদমরসুল-কেশবপুর এলাকার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে বলা হয়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আহসান হাবীব, শহিদ হাসান, ফসিউদ্দিন নিজামী প্রকাশ সাদ্দাম, নুরুদ্দিন, মোহাম্মদ সায়েম ও আছান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী সামাজিক কার্যক্রমে যুক্ত ছিলেন।
সম্প্রতি মাদকবিরোধী কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে জোছনা আক্তার ও তার ছেলে মামুনের ঘর থেকে পুলিশ মাদক ও অবৈধ মালামাল জব্দ করার পর তাদের সঙ্গে ওই ছয়জনের বিরোধ সৃষ্টি হয় বলে দাবি করা হয়। সেই বিরোধের জেরেই অপহরণ মামলা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মামলায় অপহরণের অভিযোগ করা ব্যক্তিরা ঘটনার পর থানায় লিখিত অভিযোগ না করে সরাসরি আদালতে মামলা করেছেন। মামলা দায়েরের দিন অভিযোগকারীকে প্রকাশ্যে দেখা যাওয়ার একটি ভিডিও রয়েছে বলেও দাবি করেন তারা। পরিবার ও এলাকাবাসী বলেন, এসব বিষয়সহ মোবাইল ফোনের লোকেশন, কল রেকর্ড ও ভিডিও ফুটেজ যাচাই করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসতে পারে। একইসঙ্গে অভিযোগকারীর পূর্ববর্তী কোনো মামলা থাকলে সেগুলোও তদন্তের আওতায় আনার দাবি জানান তারা। তারা বলেন, ‘আমরা আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।
তবে প্রকৃত সত্য উদ্ঘাটনে মামলার সব তথ্য-প্রমাণ নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি।’ সংবাদ সম্মেলন থেকে ছয় আসামির মুক্তি, অপহরণ মামলার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে মাদকবিরোধী সামাজিক কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা। গ্রেপ্তারকৃত ছয়জন হলো- মোহাম্মদ আহসান হাবীব, শহিদ হাসান, নুরুদ্দিন, ফসিউদ্দিন নিজামী প্রকাশ সাদ্দাম, মোহাম্মদ সায়েম ও আছান।
