ভোলার লালমোহন উপজেলায় এক মাদক কারবারির বসতঘরে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে এসআই অসীম চন্দ্র কর্মকার সঙ্গীয় পুলিশ ফোর্স একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার মো. মিরাজের বসতঘরে তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
বিক্রির উদ্দেশ্যে বসতঘরে রাখা ওই গাঁজাসহ মো. মিরাজ (৪০) ও মো. অন্তর (২০) নামে দুইজনকে আটক করা হয়। আটককৃত মিরাজ পৌরসভার মৃত আব্দুল মোতালেবের ছেলে এবং অন্তর একই এলাকার মো. খোকনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
