ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত দুই

ফন্ট সাইজ:

ময়মনসিংহ নগরীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৭ বছর বয়সের এক শিশু। শুক্রবার সকাল ১১টার দিকে নগরীর মুক্তাগাছা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার ফুলবাড়ীয়া উপজেলার সোহাগ (২৮) ও সোনিয়া আক্তার (২৫)। আহত সাজিদ নিহত সোনিয়ার ছেলে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সোনিয়া নামে এক নারীর মৃত্যু হয়। আহত অবস্থায় সোহাগ ও সাজিদকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের পরে সোহাগ মারা যায়।

গুরুতর শিশু সাজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুলবাড়ীয়া থেকে যাত্রীবাহী সিএনজি ময়মনসিংহের দিকে আসছিল। সিএনজিটি মুক্তাগাছা বাইপাস আসতেই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোনিয়া আক্তার মারা যায়। এতে সোনিয়ার ছেলে সাজিদ ও সোহাগ নামে আরও একজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে সোহাগ মারা যায়। অপরদিকে শিশু সাজিদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ট্রাক-সিএনজি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। অপর এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মরদেহ দু’টি হাসপাতাল মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।