ময়মনসিংহের ফুলপুরে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে খরা ও তীব্র লোডশেডিংয়ে চলতি মৌসুমে রোপা আমন চাষ ও চারা পরিচর্যা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস শেষের দিকে চললেও বৃষ্টির দেখা না মেলায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। পানির অভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে চারা রোপণ থমকে গেছে। পাশাপাশি খাল-বিল ও নদী-নালা শুকিয়ে যাওয়ায় ইতিমধ্যে রোপণ করা ক্ষেতগুলোর চারাও শুকিয়ে মরে যাওয়ার উপক্রম হয়েছে। প্রকৃতির ওপর ভরসা হারিয়ে বাধ্য হয়ে অনেক কৃষক শ্যালো ও বৈদ্যুতিক সেচপাম্প চালিয়ে জমি ভিজিয়ে রাখার চেষ্টা করছেন। তবে ডিজেলের চড়া দাম এবং বিদ্যুতের ধারাবাহিক লোডশেডিংয়ের কারণে বাড়তি খরচের বোঝা বইতে হিমশিম খাচ্ছেন সাধারণ চাষিরা।
বৃষ্টির পানিতে বিনামূল্যে যে চাষাবাদ হতো, সেখানে এখন সেচ খরচ গুনতে গিয়ে উৎপাদন খরচ লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ফুলপুরে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ হাজার ১৮০ হেক্টর জমি। এ পর্যন্ত ২১ হাজার ৩০ হেক্টর জমিতে চারা রোপণ করা সম্ভব হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ১৬০ হেক্টর জমিতে উফশী, এক হাজার ৩০০ হেক্টর জমিতে হাইব্রিড ও পাঁচ হাজার ৬৭০ হেক্টর জমিতে স্থানীয় জাতের আমন চাষ করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৮৩ হাজার ২০৭ টন ধান ও ৬০ হাজার ৬৩০ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ফুলপুর উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী জানান, অনাবৃষ্টির কারণে চারা রোপণ ও গাছের স্বাভাবিক বৃদ্ধি সাময়িকভাবে বাধাগ্রস্ত হলেও মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে রয়েছেন। ফসলের ক্ষতি কমাতে বিকল্প হিসেবে নদী বা খালের পানি এবং পাম্পের সেচ ব্যবহার করে জমি ভিজিয়ে রাখার পরামর্শ দেয়া হচ্ছে।
