কক্সবাজারের টেকনাফ শাহ পরীর দ্বীপ সংলগ্ন নাফ নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার সময় শাহ পরীর দ্বীপ জেটি থেকে নাফ নদে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় এ ঘটনা ঘটে। নিহত দুই কিশোর সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী মাহমুদুল্লাহর ছেলে মোহাম্মদ নিশানা (১২) ও কেফায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ আরজিন (১৫)। নিহত শিশু আরজিনের বাবা কেফায়েত উল্লাহ জানান, সকালে নাস্তা করে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় আরজিন। খেলা শেষে বন্ধুদের সঙ্গে নাফ নদে গোসল করার সময় পানিতে ডুবে মৃত্যুবরণ করে। সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, শাহ পরীর দ্বীপ জেটি সংলগ্ন নাফ নদে গোসল করার সময় দুই কিশোরের মৃত্যু হয়েছে। তিন ঘণ্টা পর নাফ নদের চর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই আরজিন মারা যায় এবং নিশানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
