সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন বালু মহালের ইজারা বহির্ভূত এলাকায় অবৈধ বালু উত্তোলন ও লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সে অভিযান পরিচালনা করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টাব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার, ৫ লাখ টাকা জরিমানা এবং বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার মেশিন স্পটেই ধ্বংস করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার পরগনা, পরগনা বাজার, লাঠি গ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে এই বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলন ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার অপরাধে হাতেনাতে ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১০ জন আসামিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নগদ ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাকি ১৩ জন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছ থেকে মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
এ ছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার মেশিন (বোমা মেশিন ও লোকাল ড্রেজার) ঘটনাস্থলেই সম্পূর্ণভাবে পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানার এসআই গোলাম ফাত্তাহর নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশ, নদী ও সরকারি সম্পদের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে, পরিবেশ সুরক্ষা এবং সরকারি নির্দেশনা মেনে না চললে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
