বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফন্ট সাইজ:

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বিজয়পুর শারমিন ক্লিনিকের সামনে যাত্রীবাহী তাজবী পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত রহমান বাবু (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। এ ঘটনায় আসাদুল ইসলাম (৩১) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত আরাফাত রহমান বাবু আশোকাঠি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের ছেলে।

আহত আসাদুল ইসলামও আশোকাঠি গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাজবী পরিবহনটি দুর্ঘটনাস্থলের স্পিড ব্রেকার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটির সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান তুরাগ (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত তুরাগ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম বলেন, শুক্রবারের দুর্ঘটনায় জড়িত দু’টি যানবাহন আটক করা হয়েছে।