চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের দীর্ঘ দুই বছর পর সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৯৭ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। নব-গঠিত কমিটিতে জাকিরুল ইসলাম লিমনকে সভাপতি ও সুমন রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। এতে ১০ জন সহ-সভাপতি, ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪৬ জন সদস্য ছাড়াও ৩৩ জনকে কমিটির বিভিন্ন পদে দায়িত্ব দেয়া হয়। গতকাল দিবাগত রাতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর স্বাক্ষরিত একটি পত্রে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
এরআগে ২০২৩ সালের ৯ই জুলাই সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের ২১ দিন পর ৩১শে জুলাই রাতে জাকিরুল ইসলাম লিমনকে সভাপতি ও সুমন রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
