পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নেমে মর্মান্তিকভাবে প্রাণ গেল তিন শিশুর। একজন পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দুই শিশু পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭), একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। একপর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করে অন্য দুই শিশু। এ সময় তারাও পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। তিন শিশুর মৃত্যুর খবরে দাশপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
