সিরাজগঞ্জে সরকারি চালসহ দু’জন আটক

সিরাজগঞ্জে সরকারি চালসহ দু’জন আটক

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৬৫ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় চাল পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে দু’জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে পুলিশ। আটকরা হলো- ওই গ্রামের বরাদ আলীর ছেলে শহিদুল ইসলাম ও মৃত ফাজিল উদ্দিনের ছেলে ইউনুস আলী।

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মতিন বলেন, উদ্ধার হওয়া চালগুলো ভিজিএফ প্রকল্পের বলে ধারণা করা হচ্ছে। এসব কার্ডধারীরা স্থানীয় ব্যবসায়ীদের কাছে অবৈধভাবে চালগুলো বিক্রি করে দেয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৫ বস্তা সরকারি চাল উদ্ধার ও দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।