কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত চোর বিপ্লব হোসেন ওরফে কালু মিয়া (৪০)কে ১ লাখ ৬১ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের সূত্রে জানা যায়, গ্রেপ্তার বিপ্লব চুয়াডাঙ্গা দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৬ই সেপ্টেম্বর বিকালে দেবিদ্বার পূবালী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। জানা যায়, দেবিদ্বারের ছোট আলমপুর গ্রামের পূবালী ব্যাংকের গ্রাহক মো. জাকির হোসেন ব্যাংক থেকে ৭ লাখ টাকা তুলে তার স্ত্রী আয়শা আক্তার ও পুত্রবধূ পলি আক্তারকে নিয়ে টাকা গুনে পেছনে রাখছিলেন।
এ সময় পাশে বসে থাকা চোর কৌশলে সেখান থেকে ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে টাকার হিসাব মিলাতে না পেরে ঘটনাস্থলে কাঁদতে থাকেন গ্রাহক জাকির। পরে এ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় সিসি ক্যামেরার ফুটেজে চুরির বিষয়টি নিশ্চিত হলে এ রাতেই জাকির বাদী হয়ে দেবিদ্বার থানায় অভিযোগ দাখিল করেন। শুক্রবার দুপুরে এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনার পর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। পরে তকে ঝিনাইদহের কাঞ্চনপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে ও আইনি প্রক্রিয়া শেষে বিপ্লবকে দেবিদ্বার থানায় নেয়া হয়েছে।
