দুর্গাপুরে কীটনাশক বিক্রেতার বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে কীটনাশক বিক্রেতার বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ

ফন্ট সাইজ:

কৃত্রিম সার সংকট সৃষ্টি করে অধিক মুনাফার আশায় সার মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে দুর্গাপুর উপজেলা প্রশাসন। অভিযান চালিয়ে উপজেলার কিসমত গণকৈড় এলাকার আড়ইল গ্রামের এক কীটনাশক বিক্রেতার বাড়ি থেকে অবৈধভাবে মজুত রাখা ৬৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার পরদিনই কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবার নেতৃত্বে ১১ই সেপ্টেম্বর শুক্রবার দুপুরে আড়ইল গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাতক কীটনাশক বিক্রেতা সাইদুল ইসলাম (৪৫), পিতা-মৃত লছির আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ সার উদ্ধার করা হয়।

জব্দকৃত সারের মধ্যে রয়েছে ২৪৬ বস্তা ইউরিয়া, ১০০ বস্তা টিএসপি ও ৩২৪ বস্তা ডিএপি সার। অভিযুক্ত সাইদুল ইসলামের পুঠিয়া উপজেলার কার্ত্তিকপাড়া বাজারে একটি কীটনাশকের দোকান রয়েছে। তবে তিনি সার বিক্রির কোনো লাইসেন্সধারী ব্যবসায়ী নন বলে জানিয়েছে কৃষি অফিস। জব্দকৃত সার মজুত রেখে নষ্ট না করে প্রশাসন তাৎক্ষণিক উদ্যোগ নেয়। শুক্রবার দুপুরে উপজেলার কিসমত গণকৈড় এলাকায় সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে সারগুলো বিক্রি করা হয়। বিক্রিলব্ধ সম্পূর্ণ টাকা সরকারি কোষাগারে জমা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।