নেত্রকোণায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এর কয়েক ঘণ্টা পর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব আহমেদ খানের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকালে জেলা শহরের কালীবাড়ি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ওই বিক্ষোভ মিছিল করেন। মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব আহমেদ খান।
মিছিলের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়। এদিকে, একই দিন সন্ধ্যায় গৌরব আহমেদ খানের বাসায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, বিক্ষোভ মিছিলের ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
