সড়কে বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাক্টর

সড়কে বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাক্টর

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়কে বেপরোয়া গতিতে চলাচল করা অবৈধ বালুবাহী ট্রাক্টরের কারণে জনজীবনে নেমে এসেছে আতঙ্ক। বিশেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সড়কে ট্রাক্টরের দাপট, বিকট শব্দ ও বেপরোয়া গতিতে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে শঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির মধ্যেই শায়েস্তাগঞ্জের বিভিন্ন সড়ক দিয়ে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে বালু পরিবহন করা হচ্ছে। এসব ট্রাক্টর ও অন্যান্য যানবাহন অনেক সময় অতিরিক্ত বালু বোঝাই করে বেপরোয়া গতিতে চলাচল করে। এতে একদিকে যেমন সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে বিদ্যালয়ে যাতায়াতের সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, সড়কে যেভাবে বালুর গাড়ি চলাচল করে, তাতে সন্তানকে স্কুলে পাঠিয়ে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত দুশ্চিন্তায় থাকতে হয়।

নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে বালুবাহী ট্রাক্টরের কারণে সড়কে বালু পড়ে থাকায় পথচারী ও মোটরসাইকেল আরোহীরাও ঝুঁকির মধ্যে পড়ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শায়েস্তাগঞ্জ ও আশপাশের এলাকায় বিভিন্ন উৎস থেকে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। নিয়মনীতি উপেক্ষা করে বালু পরিবহনের কারণে স্থানীয় সড়কগুলোর উপরও অতিরিক্ত চাপ পড়ছে। পাশাপাশি আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশ দিয়ে বালুবাহী যানবাহন চলাচল করায় জনদুর্ভোগ বাড়ছে। সচেতন মহলের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের সড়কে বালুবাহী ট্রাক্টরের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি। একইসঙ্গে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। স্থানীয়রা শিক্ষার্থীদের নিরাপত্তা ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে শায়েস্তাগঞ্জের বিভিন্ন সড়কে চলাচলকারী বালুবাহী ট্রাক্টরের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান।