কিশোরগঞ্জের করিমগঞ্জে ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মো. হেলিম (৩২) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. খোকন মিয়া (৪০) নামে আরেকজন কৃষি শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত হেলিম ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে এবং আহত খোকন একই বাড়ির সাইদুর রহমানের ছেলে।
প্রতিবেশী রমজান মিয়া ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে খোকনসহ আটজনের একটি দল নিয়ে ধনিয়াপাতা সংগ্রহের জন্য পাশের বৈরাটিয়াপাড়া গ্রামে যান হেলিম। সেখানে জমিতে কাজ করার সময় হঠাৎ আকাশ অন্ধকার করে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে হেলিম ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এ ছাড়া তার পাশে থাকা খোকন বজ্রপাতের বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়েন। বাকি শ্রমিক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত বলেন, বজ্রপাতে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন।
