শিক্ষা ছুটি শেষেও ফেরেননি যবিপ্রবি’র ২৩ শিক্ষক

ফন্ট সাইজ:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২৩ জন শিক্ষক উচ্চ শিক্ষার উদ্দেশ্যে ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর আর কর্মস্থলে ফেরেননি। নির্দিষ্ট মেয়াদে ছুটি শেষ হলেও তারা বিশ্ববিদ্যালয়ে যোগ দেননি, এমনকি ছুটিকালীন গৃহীত বেতন-ভাতার অর্থও পরিশোধ করেননি। বর্তমানে এসব শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের বকেয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, যবিপ্রবি’র মোট ৯৪ জন শিক্ষক বর্তমানে পিএইচডি, মাস্টার্স ও পোস্ট ডক্টরাল গবেষণার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষা ছুটিতে রয়েছেন। ছুটি শেষ হওয়ার পরও কর্মস্থলে অনুপস্থিত থাকা ২৩ জন শিক্ষকের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও মাইক্রোবাইওলোজি (এমবি) বিভাগের ৪ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ৩ জন, ফার্মেসি ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইএসটি) বিভাগের ২ জন এবং আইপিই, সিএইচই, পিএমই, ইইই, বিএমই, জিইবিটি, এআইএস ও এনএফটি বিভাগের ১ জন করে শিক্ষক রয়েছেন।

যবিপ্রবি’র রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দিন বলেন, শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও যারা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেননি, তাদের কয়েক দফায় চিঠি ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে। এসব নোটিশের জবাবে উপযুক্ত সাড়া না পেলে বা সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে রিজেন্ট বোর্ডের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয় উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, শিক্ষা ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে যোগদান না করায় আর্থিক ক্ষতির পাশাপাশি নিজ নিজ বিভাগে শিক্ষক সংকট তৈরি হচ্ছে। এ অবস্থায় যারা দীর্ঘদিন ধরে যোগদান করছেন না, তাদের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে। একইসঙ্গে তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থ ফেরত আনতে সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।