সিরাজদিখানে হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজদিখানে হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে আওলাদ হোসেন শেখকে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আওলাদ হোসেন শেখের ভাই বেলায়েত শেখ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আলী আনছার মোল্লা এবং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু।

বক্তারা অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আওলাদ হোসেন শেখকে নির্মমভাবে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখা হয়। হত্যাকাণ্ডের ৫২ দিন পর পুলিশ মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হলেও ঘটনার প্রায় তিন মাস পেরিয়ে গেলেও মামলার ১ নম্বর আসামি তার স্ত্রী রানী বেগম ও ৪ নম্বর আসামি বোরহান বেপারী এখনো গ্রেপ্তার হয়নি। তারা আরও বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
নিহতের পরিবারের অভিযোগ, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাই দ্রুত গ্রেপ্তারসহ সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মুকুল মিয়া বলেন, মামলায় মোট ছয়জন আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দু’জনকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, খুব শিগগিরই তাদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে।