ফরিদপুরের বোয়ালমারীতে ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে ছুরিকাঘাত ও অন্যদের মারধরে অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে দু’জনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছে। অন্যরা চিকিৎসা শেষে চলে গেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পার্কের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সেলিম শেখের ছেলে হৃত্বিক শেখ (২১) ও একই এলাকার মনিরুল ইসলামের ছেলে কাকন (২০)। হৃত্বিকের পেটে ছুরিকাঘাত এবং কাকনের মাথায় আঘাত লেগেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপজেলা পার্কের সামনে একটি ফুচকা-চটপটির দোকানে দু’পক্ষের লোকজন ফুচকা খাচ্ছিল। এ সময় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হৃত্বিক ও কাকনসহ অন্তত ১০ জন আহত হয়। বর্তমানে হৃত্বিক ও কাকন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বোয়ালমারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
