স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, স্বামী আটক

ফন্ট সাইজ:

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামীর বেতের আঘাতে রুনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. জাকির হোসেন ওরফে নুরুল হক (৩৭)কে আটক করেছে পুলিশ। ?বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চরবরমা গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুনা পশ্চিম বাইনজুরি এলাকার জামাল উদ্দিনের মেয়ে এবং অভিযুক্ত জাকির একই ইউনিয়নের কেশুয়া নয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাকির তার স্ত্রীকে বেধড়ক আঘাত করতে থাকেন।

মারধরের একপর্যায়ে রুনা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসককে আনা হলে তিনি পরীক্ষা-নিরীক্ষা শেষে রুনাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হারুনুর রশীদ বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। নিহতের বাবা জামাল উদ্দীন বাদী হয়ে জাকিরকে আসামি করে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।