চিন্ময় দাসের ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি

চিন্ময় দাসের ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি

ফন্ট সাইজ:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধামে গেছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সেখানে তিনি তার প্রয়াত মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যে অংশ নেন। গতকাল বিকাল তিনটায় চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়ে পুণ্ডরীক ধামে পৌঁছান। এর আগে চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানবিক ও ধর্মীয় বিষয় বিবেচনায় পাঁচ ঘণ্টার জন্য তার প্যারোল মঞ্জুর করেন।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধামে মারা যান সন্ধ্যা রাণী ধর। ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিকালে পুণ্ডরীক ধামে গিয়ে দেখা যায়, সন্ধ্যা রাণী ধরের মরদেহ একটি এম্বুলেন্সে রাখা হয়েছে। মরদেহ ঘিরে স্বজনদের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, সাধু-সন্ত ও ভক্তরা সমবেত হয়েছেন। সেখানে চলছিল সমবেত কীর্তন। চিন্ময়ের আগমনকে কেন্দ্র করে পুণ্ডরীক ধামে মানুষের ভিড় বাড়তে থাকে। বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাকর্মী ও ভক্তরা সেখানে উপস্থিত হয়ে প্রয়াত সন্ধ্যা রাণী ধরের প্রতি শ্রদ্ধা জানান।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পুণ্ডরীক ধাম এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে গোয়েন্দা পুলিশ ও এপিবিএন’র সদস্যরাও দায়িত্ব পালন করেন। এর আগে পুণ্ডরীক ধামের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রয়াত মায়ের শেষকৃত্যে অংশ নেয়ার মানবিক বিষয়টি বিবেচনায় চিন্ময়ের ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোল মঞ্জুর করা হয়েছে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে হাটহাজারীর পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে সকাল সোয়া ৯টার দিকে হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মারা যান সন্ধ্যা রাণী ধর। তার বয়স হয়েছিল ৭০ বছর।