চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, ২০ জনের প্রাণহানি

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, ২০ জনের প্রাণহানি

ফন্ট সাইজ:

চীনের বন্দরে মেরামতের জন্য নোঙর করে রাখা একটি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি চীনের উত্তর-পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ নৌবন্দর ছিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে মেরামতের জন্য রাখা হয়েছিল।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রকাশিত একটি ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডার।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন। এর মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। পরে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে জাহাজে থাকা কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দ্রুত অভিযান চালানোর জন্য ‘গুরুত্বপূর্ণ নির্দেশনা’ দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াংও জাহাজে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন।
শি জিনপিং একই সঙ্গে দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। বড় ধরনের ও ভয়াবহ দুর্ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

বেইহাই শিপবিল্ডিং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের (সিএসএসসি) আওতাধীন। প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। বেইহাই শিপবিল্ডিংয়ের ওয়েবসাইট অনুযায়ী, তাদের প্রধান কার্যক্রমের মধ্যে জাহাজ নির্মাণ ও মেরামত অন্তর্ভুক্ত।