ভোলার মেঘনায় জিওব্যাগ ডাম্পিং ধসে নিখোঁজ ২, উদ্ধার ৩

ভোলার মেঘনায় জিওব্যাগ ডাম্পিং ধসে নিখোঁজ ২, উদ্ধার ৩

ফন্ট সাইজ:

ভোলায় মেঘনা নদীর তীরে ঘুরতে গিয়ে পাঁচ বন্ধু মিলে আড্ডা দেয়ার সময় আকস্মিকভাবে ৫ বন্ধুকে নিয়ে নদী তীরের জিওব্যাগ ডাম্পিং ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন জীবিত উদ্ধার হতে পারলেও নদীতে নিখোঁজ রয়েছেন ২ জন।

নিখোঁজ যুবকরা হল, ভোলা সদর উপজেলার পৌরসভার কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা ইব্রাহিমের ছেলে ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মো. আমজাদ (২৮) এবং শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকার সর্দার বাড়ির বাসিন্দা বাবুলের ছেলে মো. রাকিব (২৬)।

বুধবার দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার মেঘনার তীরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে আমজাদ, রাকিব, ফাহিম ও শাওনসহ মোট ৫জন মিলে মেঘনার তীরে বসে আড্ডা দিচ্ছিল। আড্ডার একপর্যায়ে রাতের আঁধারে নদী তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ডাম্পিংকৃত জিওব্যাগসহ হটাৎ নদীর তীর ভেঙে নদীতে পড়ে যায়। এরসাথে খরস্রোতা নদীতে পড়ে যান ৫ বন্ধু। তাদের মধ্য থেকে ৩ জন সাঁতার কেটে তীরে উঠলে নদীতে নিখোঁজ হন আমজাদ ও রাকিব। পরে উদ্ধার হওয়া ৩ জন চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে যান এবং স্থানীয়রা মিলে নিখোঁজদের উদ্ধারে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। একপর্যায়ে নদীতে নিখোঁজদের হদিস না মেলায় কোস্টগার্ড ও নৌপুলিশকে খবর দিলে তারা গিয়ে কিছুক্ষণ নদীতে উদ্ধার অভিযান চালিয়েও সন্ধান পায়নি।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে ভোলার ইলিশা নৌ-থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, নিখোঁজ দুইজনের সন্ধ্যানে নৌপুলিশ ও কোস্টগার্ড নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি।’

দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আমজাদ ও রাকিবের সন্ধান পাওয়া যায়নি।