ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর (সৌদি সমর্থিত) বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তাইজ শহরের পশ্চিমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল-মাখা (মোখা) শহরটি হুতিরা দখলে নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত নয় দিন ধরে ওই এলাকায় সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তীব্র লড়াই চলছিল। এর মধ্যেই তাইজের পশ্চিম দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল হুতিরা। তাদের প্রধান লক্ষ্য ছিল আল-মাখা শহর এবং এর সঙ্গে সংলগ্ন লোহিত সাগরের উপকূলীয় এলাকা নিয়ন্ত্রণে নেয়া।
আল-মাখা দখল হুতিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা তৈরি করবে। এর মাধ্যমে তারা বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঠেকানোর ক্ষেত্রে বড় ধরনের সুবিধা পাবে। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ তিনটি সরবরাহপথ বিচ্ছিন্ন করার সুযোগও তৈরি হবে।
স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, আল-মাখা শহরটি ইতোমধ্যে হুতিদের নিয়ন্ত্রণে চলে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে শহরটির পুরোপুরি দখল নেয়ার ঘোষণা দেয়া বাকি।
মাঠ পর্যায়ের কয়েকটি সূত্র জানিয়েছে, সরকারি বাহিনী আল-মাখা থেকে তাদের সব সামরিক ইউনিট সরিয়ে নিয়েছে। ফলে তাইজের পশ্চিমাঞ্চলে হুতিদের এই অগ্রযাত্রাকে বড় ধরনের ও নির্ণায়ক বিজয় হিসেবে দেখা হচ্ছে।
আল-মাখা শহরটি আনুষ্ঠানিকভাবে দখলের ঘোষণা দিলে ইয়েমেনের চলমান সংঘাতে এটি হুতিদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অর্জন হিসেবে বিবেচিত হবে।
