রাজধানীর উত্তরায় একটি বাসায় ডাকাতির সময় দুর্বৃত্তদের হাতে রেজিনা মমতাজ নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনার রহস্য উদ্ঘাটনসহ দু’জনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- নূরে আলম বাঘ (৪৭) ও রাসেল মাদব্বর ওরফে রাসেল ইসলাম জনি (২৫)। বুধবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, তুরাগ থানা সূত্রে জানা যায়, তুরাগ থানাধীন ১৫নং সেক্টরের একটি ফ্ল্যাটে ভুক্তভোগী রেজিনা মমতাজ (৫৯) তার স্বামীর সঙ্গে বসবাস করতেন। গত সোমবার রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে তার স্বামী তারাবির নামাজ পড়তে বাসা হতে বাইরে যায়। রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে বাসায় ফিরে ভুক্তভোগীর স্বামী দরজা খুলে দেখতে পান, রেজিনা মমতাজের হাত-পা কাপড় দিয়ে বাঁধা ও নাক-মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং ঘরের মালামাল এলোমেলো। পরবর্তীতে দ্রুত তাকে একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, রাত আনুমানিক ৮টা ১৮ মিনিটে মুখোশধারী অজ্ঞাতনামা দুই ব্যক্তি বাসায় প্রবেশ করে ভুক্তভোগীর হাত-পা বেঁধে ও নাক-মুখে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে একজোড়া স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের নাকফুল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তুরাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে তুরাগ থানা পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে নূরে আলমকে তুরাগ থানাধীন ১৫নং সেক্টর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টরের একটি অফিস থেকে লুণ্ঠিত একজোড়া স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি পিতলের নাকফুল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত স্কচটেপ ও ভাঙা চশমা উদ্ধার করা হয়। একইদিনে উত্তরা উত্তর মেট্রো স্টেশন এলাকা থেকে রাসেল মাদব্বর ওরফে রাসেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উত্তরায় ডাকাতিকালে বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
