সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে যুদ্ধাস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি অস্থায়ী গুদামে বুধবার (৯ সেপ্টেম্বর) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশগুলো অন্যত্র সরিয়ে নেয়ার আগে ওই স্থানে সাময়িকভাবে রাখা হয়েছিল। আহতদের মধ্যে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীও রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে সিভিল ডিফেন্স ও দমকল বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে পরপর কয়েকটি বিস্ফোরণের কারণে আগুন নেভানোর কাজে ব্যাঘাত ঘটেছে।
কয়েক ঘণ্টা ধরে ওই স্থাপনা থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে ঠিক কী কারণে সেখানে বিস্ফোরণ হয়েছে, তা নিয়ে এখনো জানায়নি দেশটির কর্তৃপক্ষ।
এর আগে গত ১ সেপ্টেম্বর একই প্রদেশের বিনিশ শহরে গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।
