ভারতের ওড়িশার জঙ্গল থেকে বিপন্ন প্রজাতির ৫টি ওরাংওটাং শাবক উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ভারতে শুধু নয়, প্রতিবেশী কোনও দেশেই ওরাংওটাংয়ের অস্তিত্ব নেই।
দক্ষিণ এশিয়ায় ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপের রেইনফরেস্ট বা গভীর জঙ্গলের উঁচু গাছে সাধারণত এদের দেখা যায়। ভারতে এই প্রাণীগুলো কীভাবে এসেছে, কোথা থেকে এসেছে তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।
জানা গেছে, ওড়িশার বালেশ্বর জেলার বিচিত্র পুর জঙ্গল থেকে ৫টি ওরাংওটান শাবককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উদয়পুর-তালসারির জঙ্গলে ৫টি ওরাংওটাং শাবককে স্থানীয় মানুষ খেলা করতে দেখেন। খবর পেয়ে ওড়িশা বন দপ্তরের কর্মীরা ওই ওরাংওটান শাবকগুলিকে উদ্ধার করে। পাঁচটি শাবকের মধ্যে তিনটি পুরুষ ও দুটি মাদী। বয়স ৬ মাস থেকে একবছরের মধ্যে।
বালেশ্বরের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) প্রতীক প্রকাশ ইন্দালকর জানান, আমরা পাঁচটি ওরাংওটাং শাবককে উদ্ধার করে বন দপ্তরের কার্যালয়ে নিয়ে এসেছি। এদের মধ্যে চারটি শাবকই সুস্থ রয়েছে এবং তারা খাবার ও ওআরএস গ্রহণ করছে। পশু চিকিৎসকরা তাদের পরীক্ষা ও চিকিৎসা করছেন এবং তারা বন কর্মকর্তাদের তত্ত্বাবধান ও পর্যবেক্ষণে রয়েছে।
বন কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক বন্য প্রাণী পাচার চক্র এদের ভারতে নিয়ে এসেছে। কোনোভাবে শাবকগুলি জঙ্গলে চলে এসেছে। ওড়িশার বন ও পরিবেশ মন্ত্রী গণেশ রাম সিংখুন্তিয়ার নির্দেশে ইতিমধ্যে একটি তদন্ত দল বিষয়টি অনুসন্ধান করে দেখছে বলে জানা গেছে।
