সেই নাটালিকে ৪৫ হাজার ডলার উপহার দিলেন ট্রাম্প

সেই নাটালিকে ৪৫ হাজার ডলার উপহার দিলেন ট্রাম্প

ফন্ট সাইজ:

গত কয়েক মাস ধরে মার্কিন গণমাধ্যমে একাধিকবার আলোচনার শীর্ষে ছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্প। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ও অনুগত সহযোগীদের একজন হিসেবে পরিচিত নাটালি এবার ট্রাম্পের কাছ থেকে ৪৫ হাজার ডলার নগদ উপহার পেয়েছেন। এনিয়ে ফের নতুন করে জল্পনা শুরু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের আরও দুই কর্মী- যোগাযোগবিষয়ক উপদেষ্টা মার্গো মার্টিন এবং ওভাল অফিস পরিচালনার উপপরিচালক চেম্বারলেইন হ্যারিসও ৪৫ হাজার ডলার করে নগদ উপহার পেয়েছেন।

ট্রাম্প প্রশাসনের কর্মীদের প্রকাশ করা আর্থিক বিবরণীতে এসব অর্থকে ‘ছুটির দিনের উপহার হিসেবে পাওয়া নগদ অর্থ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নাটালিকে প্রায় নিয়মিতই তার পাশে দেখা যায়। বিভিন্ন কর্মসূচিতে তিনি প্রেসিডেন্টের কাছাকাছি থাকেন এবং কখনো ট্রাম্পের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট টাইপ করা, আবার কখনো তার জন্য বিভিন্ন সংবাদ ও তথ্য প্রিন্ট করে দেয়ার কাজ করেন। এ কারণে তাকে অনেকে ‘হিউম্যান প্রিন্টার’ বা ‘মানব প্রিন্টার’ নামে অভিহিতও করা হয়েছে।

কংগ্রেসে জমা দেয়া হোয়াইট হাউসের বার্ষিক বেতনসংক্রান্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও নির্বাহী সহকারী হিসেবে হার্পের বার্ষিক বেতন ১ লাখ ৫০ হাজার ডলার।
ট্রাম্পের কাছ থেকে এত বড় অঙ্কের নগদ উপহার পাওয়ার বিষয়টি সামনে আসার পর সরকারি কর্মীদের অতিরিক্ত অর্থপ্রাপ্তি ও ফেডারেল নৈতিকতা বিধি নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে হোয়াইট হাউস এসব উপহারকে বৈধ বলে দাবি করেছে। এক মুখপাত্র বলেন, ট্রাম্পের দীর্ঘদিনের অভ্যাস হলো তার ঘনিষ্ঠ পরিসরের মানুষদের বড়দিনে উপহার দেয়া। তার বেসরকারি খাতের কর্মজীবনেও এমন উপহার দেয়ার নজির রয়েছে। হোয়াইট হাউসের কর্মী ও সহযোগীরাও এ ধরনের উপহারের আওতায় পড়েন।

মুখপাত্রের ভাষ্য, এসব উপহারের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নেই। ফলে প্রযোজ্য আইন ও নৈতিকতার মানদণ্ড অনুযায়ী অর্থ প্রদানগুলো বৈধ।
তবে নৈতিকতা বিশেষজ্ঞদের কেউ কেউ এ ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাদের মতে, সরকারি কর্মীদের বেতনের বাইরে এ ধরনের বড় অঙ্কের অর্থ দেয়ার ক্ষেত্রে ফেডারেল আইনের বিধিনিষেধ প্রযোজ্য হতে পারে। বিষয়টি নির্ভর করবে উপহার দেয়ার উদ্দেশ্য ও পরিস্থিতির ওপর।