সিলেটে তরুণীর কোমরে লোহার শিকল বেঁধে ঘোরানোর দৃশ্য ভাইরাল, আটক ৩

ফন্ট সাইজ:

সিলেটে তরুণীর কোমরে লোহার শিকল বেঁধে ঘোরানোর দৃশ্য ভাইরাল হওয়ার পর পুলিশ তিন জনকে আটক করেছে। সোমবার রাতে শিকল বেঁধে ঘোরানোর এই ঘটনা ঘটে। আটককৃতরা নগরের উপশহরের ব্যবসায়ী বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদেরকে বুধবার আটক করা হয়। 

ওই ভিডিওতে দেখা গেছে, কোমরে লোহার শিকল বেঁধে বোরকা পরা এক তরুণীকে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় সে কাঁদছিল। বার বার চোখ মুছে সঙ্গে থাকা ব্যক্তিটির সঙ্গে হেঁটে যাচ্ছিলো। এমন দৃশ্য ভাইরাল হওয়ার পর সিলেটে তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় আজ পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি ফেরদৌস আহমদ। তিনি জানিয়েছেন, চুরির অভিযোগে ওই তরুণীকে আটক করে হেনস্থা করা হয়। সেটি পুলিশ জানতো না। সোমবার ঘটনার দিনই ওই তরুণীকে পুলিশের হাতে তুলে দিলেও কোনো মামলা দেওয়া হয়নি। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশ  ওই তরুণীকে আদালতে সোর্পদ করে। আদালত তাকে পিতার জিম্মায় জামিন দিয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।