শোবিজ ও ক্রিকেট বিশ্বের দুই পরিচিত মুখ- অভিনেতা আ খ ম হাসান এবং ক্রিকেটার মুশফিকুর রহীম। সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনের শুটিংয়ে একসঙ্গে ফ্রেমে বন্দি হয়েছেন এই দুই তারকা। তবে শুটিংয়ের কাজের চেয়েও সেখানে ঘটে যাওয়া একটি মজার ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নজর কাড়ছে। কাজের ফাঁকে সেটের একটি হাস্যরসাত্মক ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্ট করেছেন অভিনেতা আ খ ম হাসান। ভিডিওটির ক্যাপশনে তিনি উল্লেখ করেন শুটিং সেটে হাসির বন্যা বয়ে যাওয়ার কথা। ভিডিওতে দেখা যায়, শুটিং চলাকালে আ খ ম হাসান ও মুশফিকুর রহমানের সঙ্গে এক নারী শিল্পীও উপস্থিত ছিলেন।
ক্যামেরার সামনে হঠাৎই আ খ ম হাসান একদম ক্রিকেট মাঠের আমেজ তৈরি করে বিকট শব্দে ‘হাউজদ্যাট’ বলে চিৎকার করে ওঠেন। অভিনেতার এমন অভাবনীয় কাণ্ড দেখে মুহূর্তের জন্য চমকে গেলেও পরক্ষণেই অট্টহাসিতে ফেটে পড়েন জাতীয় দলের এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। তাদের এই প্রাণবন্ত কৌতুক দেখে সেটে থাকা বাকি কলাকুশলীরাও হাসিতে যোগ দেন। মঞ্চ থেকে নাটকে এসে দীর্ঘ সময় ধরে দর্শকদের বিনোদিত করছেন আ খ ম হাসান। অন্যদিকে মুশফিকুর রহীম মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করছেন। দু’জনের এই অপ্রত্যাশিত ও রসাত্মক মুহূর্তটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বেশ মজাদার মন্তব্য করছেন এবং ভিডিওটি দারুণ উপভোগ করছেন।
