অনলাইনে একটি বাণিজ্যিক চার্টার্ড বিমানকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করে বড় ধরনের আইনি ঝামেলায় জড়িয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি। ‘ডুন এভিয়েশন’ নামক একটি বিমান সংস্থার বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করা এবং ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে নোরার বিরুদ্ধে ৩০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটি টাকারও বেশি) ক্ষতিপূরণ চেয়ে একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটির সূচনা হয়েছিল গত বছরের ডিসেম্বরে। মুম্বই থেকে জয়পুর ভ্রমণের উদ্দেশ্যে ‘সেসনা সাইটেশন সিজে-২’ মডেলের একটি বিশেষ চার্টার্ড বিমানে ওঠেন নোরা। বিমানে ওঠার সময় তিনি নিজের মোবাইল ফোনে কিছু ভিডিও ধারণ করেন।
পরবর্তীতে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওগুলো শেয়ার করেন। ভিডিওর মন্তব্যে বিমানটিকে অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে ‘খেলনা বিমান’-এর সঙ্গে তুলনা করেন তিনি। নোরার এমন ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছে ডুন এভিয়েশন কর্তৃপক্ষ। বিমান সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ব্যবহৃত বিমানটি আন্তর্জাতিক এভিয়েশন মানদণ্ড অনুযায়ী পুরোপুরি উপযুক্ত এবং নির্ভরযোগ্য।
কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত একজন তারকার কাছ থেকে আসা এমন নেতিবাচক মন্তব্য সাধারণ যাত্রী ও ক্লায়েন্টদের মাঝে তাদের ব্র্যান্ড সম্পর্কে ভুল বার্তা দিয়েছে, যার ফলে বাজারে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অর্জিত বাণিজ্যিক সুনাম এক নিমেষে ধূলিসাৎ হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ক্ষতির প্রতিকার ও প্রতিষ্ঠানের মর্যাদা পুনরুদ্ধারে চলতি বছরের এপ্রিলে ভারতের গান্ধীনগরের একটি আদালতে নোরার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা ঠুকে বিমান সংস্থাটি। আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং আগামী ২৫শে সেপ্টেম্বর এর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
