তিন দিন বিরতির পর ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার। ইউক্রেনের বিমান বাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া ১৪২টি ড্রোন এবং ৩১টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে রাশিয়া মোট কতটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে- তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতসকো নিশ্চিত করেছেন যে, রুশ হামলায় দুইজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।
এ ছাড়া তিনি জানান, হামলায় দারনিতস্কি, হলোসিভস্কি, পোদিলস্কি, শেভচেনকিভস্কি এবং সলোমিয়ান্সকি জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, কিয়েভ ছাড়াও বরিস্পিল এবং দাস্তিভ জেলায় বিভিন্ন ভবনে ড্রোন আঘাত হেনেছে। সম্প্রতি যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেড কুশনার রাশিয়া ও ইউক্রেনের রাজধানী সফর করেছেন। তারা উভয় দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তবে এতে ফলপ্রসূ কোনো সমাধান না আসায় কিয়েভে ফের হামলা চালালো রুশ বাহিনী।
